মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর বিতর্কিত বিলবোর্ড ঘিরে উত্তাল ইসরায়েলের রাজনৈতিক অঙ্গন

তেল আবিব, ১৮ আগস্ট – ইসরায়েলের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এক বিতর্কিত বিলবোর্ড প্রচারণা শুরু করেছে। এই প্রচারণায় নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান এবং লেবাননের হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমের পাশে উপস্থাপন করা হয়েছে।

বিলবোর্ডে চারজনের ছবির নিচে স্লোগান দেওয়া হয়েছে যে, তারা নেতানিয়াহুকে হারাতে চায় এবং তাদের জিততে দেওয়া যাবে না। লিকুদের এই প্রচারণামূলক বিলবোর্ডটি তেল আবিবের আয়ালন মহাসড়কের ওপর স্থাপন করা হয়েছে। নেতানিয়াহু নিজেও তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এই বিলবোর্ডের ছবি শেয়ার করে একই আহ্বান জানিয়েছেন।

লিকুদের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় বিরোধী শিবিরের পক্ষ থেকে পাল্টা ব্যঙ্গাত্মক বিলবোর্ড প্রকাশ করা হয়েছে। সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার দল একটি বিকল্প সংস্করণ প্রকাশ করেছে যেখানে লেখা হয়েছে, তারা ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে চায় এবং নেতানিয়াহুকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না।

অন্যদিকে নেসেট সদস্য নাআমা লাজিমি কাতারগেট কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে আরও একটি ব্যঙ্গাত্মক বিলবোর্ড তৈরি করেছেন। সেখানে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীদের ছবি ব্যবহার করে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। উল্লেখ্য যে, কাতারগেট মূলত হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি আলোচনার সময় নেতানিয়াহুর সহযোগীদের বিরুদ্ধে কাতারের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগকে কেন্দ্র করে আবর্তিত।

সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, আইজেনকোটের দল ২৪টি আসন নিয়ে লিকুদ পার্টির চেয়ে এগিয়ে রয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রচারণার লড়াই ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনকে আরও স্পষ্ট করে তুলছে।

এস এম/ ১৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language