উত্তর আমেরিকা

বাংলায় কথা বলে নজর কাড়লেন নিউইয়র্কের জোহরান মামদানি

নিউইয়র্ক, ১৮ আগস্ট – নিউইয়র্কের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ব্রডওয়ে নাটক দেখার বিশেষ সুযোগের প্রচারণা চালাতে গিয়ে একাধিক ভাষায় কথা বলে ব্যাপক আলোচনায় এসেছেন জোহরান মামদানি। বিশেষ করে তার বাংলা ভাষায় কথা বলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিউইয়র্কের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ১০০টি বিনা মূল্যের নাটকের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। একটি লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ দুটি করে টিকিট পাওয়ার সুযোগ পাবেন।

এই মহৎ উদ্যোগটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে মামদানি বিভিন্ন ভাষায় ভিডিও বার্তা প্রকাশ করেন। ভিডিওতে তাকে প্রথমে স্প্যানিশ ও পরে মান্দারিন ভাষায় কথা বলে চমক সৃষ্টি করতে দেখা যায়। তবে ভিডিওর একপর্যায়ে স্পষ্টভাবে বাংলা ভাষায় কথা বলতে দেখে নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভিডিওর শুরুতেই তাকে বলতে শোনা যায় কেমন আছো নিউইয়র্ক সিটির উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বক্তব্যের শেষে তিনি বাংলায় বলেন ঠিক আছে তাহলে দেখা হবে নাটকে। নিউইয়র্কে বসবাসরত বাঙালি কমিউনিটিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তার এই উদ্যোগ এবং বাংলা উচ্চারণের প্রশংসা করেছেন।

উগান্ডায় জন্ম নেওয়া মামদানি ছোটবেলায় দক্ষিণ আফ্রিকায় কিছুটা সময় কাটিয়ে সাত বছর বয়সে নিউইয়র্কে স্থায়ী হন। এর আগে রাজনৈতিক প্রচারণায় তাকে আরবি, হিন্দি ও উর্দু ভাষাতেও সাবলীলভাবে কথা বলতে দেখা গেছে। তার এই বহুভাষিক প্রচারণা নিউইয়র্কের বৈচিত্র্যময় জনপদে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে।

এনএন/ ১৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language