মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের বাহিনীকে সহায়তা করলে যুদ্ধ বলে গণ্য হবে: উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

তেহরান, ১৯ আগস্ট – যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে কোনো ধরনের সহায়তা বা সহযোগিতা প্রদান করলে তাকে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার শামিল হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। পারস্য উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে এই সতর্কবার্তা দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আলী আবদোল্লাহি উল্লেখ করেন যে, উপসাগরের দক্ষিণ তীরে অবস্থিত যেসব দেশ প্রকাশ্যে জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের নজর এড়িয়ে কিছুই যায় না। ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা আরও জানান যে, এই অঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন যুদ্ধবিমান এবং জ্বালানি সরবরাহকারী এয়ার ট্যাংকার অবস্থান করছে।

স্বাগতিক দেশগুলোর অগোচরে এসব সামরিক সরঞ্জাম সেখানে মোতায়েন করা হয়েছে এমনটি বিশ্বাস করা কঠিন বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনীকে যেকোনো ধরণের সহযোগিতা দেওয়া হলে তা ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ হিসেবে বিবেচিত হবে বলেও তিনি কড়া হুঙ্কার দেন।

এস এম/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language