ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করল সংযুক্ত আরব আমিরাত

আবুধাবি, ১৯ আগস্ট – ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অভিযোগ ওঠার পর তেহরানের সাথে সবধরনের বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আমিরাতের প্রতিরক্ষা বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে দেশটির সাধারণ নাগরিকদের মুঠোফোনে একটি জরুরি বিপদ সংকেত পাঠানো হয়। এই সতর্কবার্তায় দুবাইসহ বিভিন্ন শহরে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও পরিস্থিতি নিরাপদ হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফেরার নির্দেশ দেয়।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, সমুদ্রপথে চলাচলকারী বাণিজ্যিক নৌযান লক্ষ্য করে ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক জলসীমায় এবং অন্যটি আঞ্চলিক জলসীমায় পতিত হয়।
যদিও এগুলো কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেনি, তবুও বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করছে আবুধাবি। এর প্রেক্ষিতেই তেহরানের সাথে সব ধরণের বাণিজ্যিক বিনিময় এবং আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেন। তিনি মন্তব্য করেন যে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও বিশ্বাস পুনর্নির্মাণের প্রক্রিয়ায় এ ধরণের অভিযোগ অত্যন্ত ক্ষতিকারক।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমঝোতা ব্যর্থ হওয়া এবং হরমুজ প্রণালি নিয়ে চলমান সংকট এই উত্তজনাপূর্ণ পরিস্থিতির মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরানের সাথে বর্তমানে কোনো প্রকার আলোচনা চলছে না। এর ফলে দীর্ঘদিনের এই বিরোধ মেটানোর প্রচেষ্টা পুনরায় বড় ধরনের ধাক্কা খেল।
এস এম/ ১৯ আগস্ট ২০২৬









