জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান

রিয়াদ, ১৭ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ এই আমন্ত্রণপত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এই তথ্যটি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি তাদের ভ্রাতৃত্বপূর্ণ সমর্থন এবং উন্নয়ন অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আমন্ত্রণের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুবিধাজনক সময়ে রিয়াদ সফরের আশাবাদ ব্যক্ত করেন।

এস এম/ ১৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language