ইউরোপ

স্পেনের গ্রানাডায় ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক

মাদ্রিদ, ১৬ আগস্ট – স্পেনের অন্যতম পর্যটন নগরী গ্রানাডায় ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত ১টার কিছু পর ভূকম্পনটি অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গ্রানাডা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে আলহেন্দিন এলাকায়। গ্রানাডার ঐতিহাসিক আলহামব্রা প্রাসাদটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত এবং এটি মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ভূমিকম্পের তীব্রতা সত্ত্বেও এই প্রাসাদটি সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে যে ভূমিকম্পের প্রভাবে শহরের কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কিছু স্থানে কার্নিশ বা দেয়ালের অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও সানজ কাবেয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ ভবনগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন। বিশেষ করে রাস্তায় থাকা সাধারণ মানুষকে বারান্দা বা পুরনো দেয়ালের নিচ দিয়ে চলাচলের সময় সতর্ক থাকতে বলা হয়েছে।

এস এম/ ১৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language