ইউরোপ

পুতিনের বিলাসবহুল প্রাসাদের নিরাপত্তায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

কিয়েভ, ১৩ আগস্ট – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৃষ্ণসাগর উপকূলীয় বিলাসবহুল প্রাসাদের নিরাপত্তায় নিয়োজিত অত্যন্ত শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইউক্রেন। গত এক সপ্তাহে রুশ প্রেসিডেন্টের ওই অবকাশযাপন কেন্দ্রের কাছাকাছি জেলেনঝিক এলাকায় ধারাবাহিকভাবে দুটি সফল ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। সামরিক সূত্র নিশ্চিত করেছে যে, এই হামলায় পুতিনের প্রাসাদ রক্ষাকারী একটি এস-৪০০ বিধ্বংসী বিমানবিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও এর লঞ্চ প্যাড ধ্বংস হয়ে গেছে, যা দীর্ঘক্ষণ ধরে দাউ দাউ করে জ্বলেছে।

সামরিক বিশ্লেষকদের মতে, এই সফল হামলার পর কৃষ্ণসাগরের তীরে অবস্থিত পুতিনের প্রায় ১০০ কোটি ডলার মূল্যের সুবিশাল রাজপ্রাসাদটি এখন কার্যত সুরক্ষাহীন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আক্রমণের প্রথম ধাপে গত ৭ আগস্ট ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার ভোলনা কুপোল গ্যারান্ট নামের একটি অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার ওপর আঘাত হানে। এর পরপরই গত রবিবার আগের দুর্ঘটনাস্থল থেকে মাত্র ৫০০ মিটার দূরে থাকা একটি এস-৪০০ বিমানবিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও এর লঞ্চ প্যাডকে লক্ষ্যবস্তু করে দ্বিতীয় হামলাটি চালানো হয়।

ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার মেজর রবার্ট ব্রোভদি জানান, ধ্বংস হওয়ার ঠিক পূর্বে রবিবার রাতে এস-৪০০ ব্যবস্থাটি থেকে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এরপরই ইউক্রেনীয় হামলায় সেটি বিধ্বস্ত হয় এবং প্রায় তিন ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলতে থাকে। স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণ করে সামরিক বিশ্লেষকরা একটি লঞ্চার ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা মনে করছেন এই ধ্বংসযজ্ঞের ফলে প্রেসিডেন্ট পুতিনের প্রাসাদটি এখন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে। কারণ আকাশপথের হামলা ঠেকাতে এই এস-৪০০ ব্যবস্থার ওপরই রাশিয়া মূলত নির্ভরশীল ছিল।

কৃষ্ণসাগর উপকূলে অবস্থিত ইতালীয় স্থাপত্যশৈলীর এই সুবিশাল প্রাসাদটির নির্মাণ ব্যয় আনুমানিক ১.২ বিলিয়ন ডলার। প্রায় ৭ হাজার হেক্টর জমিতে বিস্তৃত এই রাজকীয় কমপ্লেক্সে হকি রিঙ্ক, সিনেমা হল এবং একাধিক বিলাসবহুল রেস্তোরাঁ রয়েছে। পুরো এলাকাটি নো-ফ্লাই জোনের আওতায় রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি-এর কঠোর নিরাপত্তাবেষ্টনীতে ঘেরা থাকে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার সীমানার বেশ গভীরে গিয়ে আক্রমণ জোরদার করেছে। স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে জানা গেছে, যেকোনো ধরনের সম্ভাব্য হামলা এড়াতে রুশ প্রেসিডেন্ট বর্তমানে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

এস এম/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language