ব্যাটারিচালিত রিকশার অবৈধ চার্জে বিদ্যুতের বিপুল অপচয় হচ্ছে: জ্বালানি মন্ত্রী

ঢাকা, ১৩ আগস্ট – অবৈধ সংযোগের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইক চার্জ করার ফলে বিদ্যুতের একটি বড় অংশ ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি উল্লেখ করেন যে বর্তমানে বিদ্যুৎ ব্যবহারের ধরনে আমূল পরিবর্তন এসেছে।
রাত ১২টার পরেও প্রায় ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের বিপুল চাহিদা দেখা যাচ্ছে যার অন্যতম কারণ হলো অগণিত ই-বাইক ও রিকশা যা রাতে চার্জ দেওয়া হয়। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন যে সরকার এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে। তবে অনেক ক্ষেত্রে এ কাজে বাধার সম্মুখীন হতে হচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন যে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের কারণে সাময়িক গ্যাসের সংকট তৈরি হয়েছে।
তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান যে ২০২৯ সালের মধ্যে দেশে আরও তিনটি নতুন এফএসআরইউ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই টার্মিনালগুলো পায়রা, মোংলা এবং হিরণ পয়েন্ট বা খুলনা অঞ্চলে স্থাপন করা হবে যার মাধ্যমে সারাদেশে সুষম গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
এস এম/ ১৩ আগস্ট ২০২৬









