জাতীয়

ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার পরিদর্শনে ট্রাইব্যুনাল

ঢাকা, ৮ আগস্ট – আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার পরিদর্শন করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শনিবার বেলা ১১টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানসহ বিচারক ও প্রসিকিউশন দলের সদস্যদের এই পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, বিগত সরকারের মেয়াদে সংঘটিত বিভিন্ন অমানবিক ঘটনার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিদর্শন দলে রয়েছেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন দলের সদস্যরা এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। আসামিপক্ষের আইনজীবীদেরও এই পরিদর্শনে উপস্থিত থাকার অনুমতি প্রদান করা হয়েছে।

এর আগে গত ১ আগস্ট রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল বা আয়নাঘর পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা। সেদিন তারা স্থাপনাটির ২৯টি কক্ষ এবং সাতটি ডেথ সেল সরেজমিনে দেখেন। সেখানে বন্দিদের আটকে রেখে নির্যাতনের অভিযোগের বিষয়ে তারা সম্যক ধারণা নেন।

উল্লেখ্য যে, গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে র‍্যাব, ডিজিএফআই ও গোয়েন্দা পুলিশের গোপন বন্দিশালাগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল-১। শুনানিতে প্রসিকিউশন পক্ষ থেকে দাবি করা হয় যে, দীর্ঘ শাসনামলে এসব স্থানে ভিন্নমতাবলম্বীদের তুলে নিয়ে আটকে রাখা ও গুম করার মতো ঘটনা ঘটেছে।

মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে এসব স্থাপনার বাস্তব চিত্র পর্যালোচনা করছে ট্রাইব্যুনাল।

এনএন/ ৮ আগস্ট ২০২৬


Back to top button