হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান

তেহরান, ৫ আগস্ট – ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত একটি চুক্তির আওতায় হরমুজ প্রণালি দিয়ে উপসাগরে প্রবেশ করা জাহাজগুলোর ওপর তেহরান নিয়ন্ত্রণ পেতে পারে বলে জানা গেছে।
বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এবং দুজন আঞ্চলিক কর্মকর্তা।
তবে ইরানের দাবির সপক্ষে এমন ইঙ্গিত থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি প্রত্যাখ্যান করেছেন কর্মকর্তারা। ট্রাম্প বলেছিলেন যে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে ইরানের সঙ্গে একটি চুক্তি আসন্ন।
কর্মকর্তাদের মতে, এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হওয়া বাকি রয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের একজন জানান, হরমুজ প্রণালির ওপর কোনো না কোনো ধরনের নিয়ন্ত্রণের বিষয়ে ইতোমধ্যেই কিছুটা ছাড় দেওয়া হয়েছে।
অপর এক কর্মকর্তা জানান, নিয়ন্ত্রণ বলতে ঠিক কী বোঝানো হবে তা নিয়ে এখনও বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। উপসাগরীয় দেশগুলোর আলোচকরা চাইছেন জাহাজ তল্লাশির বিষয়টি আঞ্চলিক দেশগুলো তদারকি করুক এবং যেকোনো ফি প্রদানের বিষয়টি যেন ঐচ্ছিক থাকে।
ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার খসড়ায় প্রবেশ করা জাহাজগুলোর ওপর ইরানের নিয়ন্ত্রণের কথা থাকলেও বিপরীত দিক থেকে বেরিয়ে যাওয়া জাহাজগুলোর ক্ষেত্রে ইরানের ভূমিকা কী হবে তা এখনও অমীমাংসিত। এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মার্কিন কর্মকর্তারা এর আগে বারবার বলেছেন যে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথে ইরানের নিয়ন্ত্রণ তারা মেনে নেবে না। তবে ট্রাম্প প্রশাসন বলছে, ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। জরিপ অনুযায়ী অধিকাংশ মার্কিন ভোটারই ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধী।
এনএন/ ৫ আগস্ট ২০২৬









