জাতীয়

শেখ হাসিনার রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করবেন না: এনসিপি নেতাদের রিজভী

ঢাকা, ৪ আগস্ট – এনসিপি নেতাদের শেখ হাসিনার রাজনৈতিক সংস্কৃতি বা পথ অনুসরণ না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি উন্নত হওয়া প্রয়োজন। দীর্ঘ সময় ধরে ব্যাপক জুলুম ও নির্যাতনের শিকার হওয়ার পরও বিএনপি কখনও শিষ্টাচার বহির্ভূত কথা বলেনি।

সোমবার দুপুরে বিএমইউ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে নার্সদের অবদান শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কোনো বিশেষ পক্ষ বা ব্যক্তির নয়।

এটি সব রাজনৈতিক দল, ছাত্র এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার সার্থকতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি শেখ হাসিনার পতন না হতো এবং জুলাই আন্দোলন ব্যর্থ হতো, তবে আমাদের অনেকেরই ভাগ্যে ফাঁসি জুটতো।

দীর্ঘ ১৭ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলন ও সংগ্রামের চূড়ান্ত বিস্ফোরণ ছিল এই জুলাই গণঅভ্যুত্থান। এমনকি ঐতিহাসিক প্যারিস বিপ্লবের থেকেও জুলাই বিপ্লব কোনো অংশে কম তাৎপর্যপূর্ণ নয় বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ৪ আগস্ট ২০২৬


Back to top button