জাতীয়

বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীলতা দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ: ইশরাক হোসেন

ঢাকা, ৫ আগস্ট – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্তব্য করেছেন যে, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিদের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে তা একটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হতে পারে।

বুধবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। ইশরাক হোসেন উল্লেখ করেন যে, এই ষড়যন্ত্রের পেছনে পতিত ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে। তারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে এবং সেই অর্থ ব্যবহার করেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

প্রতিমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেন যে, বাংলাদেশে ফ্যাসিবাদকে আর কখনোই জায়গা দেওয়া হবে না। যদি তারা পুনরায় ফিরে আসার চেষ্টা করে, তবে গণহত্যার দায়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই তাদের রাজনীতির অবসান ঘটানো হবে।

তিনি আরও জানান, জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ দেশবাসী ভুলে যায়নি এবং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।

এস এম/ ৫ আগস্ট ২০২৬


Back to top button