ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু, প্রথম দিনেই এলো ১০০ টন

সাতক্ষীরা, ৪ আগস্ট – সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৯ মাস পর পুনরায় ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার প্রথম দফায় ১০টি ভারতীয় ট্রাকে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচামরিচ দেশের বন্দরে এসে পৌঁছেছে। এই আমদানির ফলে বাজারে কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, সোমবার প্রথম চালানে ১০টি ট্রাকে ভারতীয় কাঁচামরিচ বন্দরে প্রবেশ করেছে। শুল্ক সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত এসব পণ্য দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হচ্ছে।
আমদানিকারকদের দেওয়া তথ্যানুযায়ী, প্রতিটি ট্রাকে গড়ে ৯ থেকে ১১ মেট্রিক টন কাঁচামরিচ রয়েছে। আমদানিকারক সাদ্দাম হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে আমদানির অনুমতি পাওয়ার পরপরই আমরা কাঁচামরিচ আমদানির প্রক্রিয়া শুরু করি। সোমবারই প্রথম চালানের কাঁচামরিচ বন্দরে এসে পৌঁছেছে। আশা করা হচ্ছে, মঙ্গলবার থেকেই খুচরা বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে এবং মরিচের অস্বাভাবিক দাম কমতে শুরু করবে।
ভোমরা কাস্টমসের কমিশনার মোস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক কাঁচামরিচ বন্দরে প্রবেশ করেছে। পণ্যগুলো দ্রুত খালাস করে বাজারজাত করার জন্য প্রয়োজনীয় কাস্টমস প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় গত দুই সপ্তাহে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৫০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকায় গিয়ে ঠেকে।
সাতক্ষীরা শহর কাঁচা পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী জানান, ভারত থেকে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে। এতে স্বল্প সময়ের মধ্যে কাঁচামরিচের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে বলে তারা প্রত্যাশা করছেন।
এনএন/ ৪ আগস্ট ২০২৬









