জাতীয়

সব সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৩ আগস্ট – দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করতে সব গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রী তিনটি প্রধান দিকনির্দেশনা দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা।

এছাড়া দেশে সোলার ইনভার্টার উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের কাছে সৌর বিদ্যুৎকে সাশ্রয়ী ও লাভজনক করতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল তৈরির নির্দেশ দেন তিনি। প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয় এবং অর্থ মন্ত্রণালয়সহ প্রধান ভবনগুলোতে এই কার্যক্রম শুরু হবে।

সভায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে সরকারি উদ্যোগে এই প্রযুক্তির ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে সৌর বিদ্যুৎ ব্যবহারে আগ্রহ ও সচেতনতা বাড়বে। অনুষ্ঠানে প্রাণ-আরএফএল এবং ওয়ালটন গ্রুপ আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপনের কারিগরি দিক এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার কৌশল তুলে ধরে।

তাদের উপস্থাপনায় বলা হয় যে এই উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ৩ আগস্ট ২০২৬


Back to top button