মধ্যপ্রাচ্য

ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার মধ্যেই গাজায় হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত

জেরুজালেম, ৩ আগস্ট – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিধ্বস্ত গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। তবে এই ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উপত্যকায় চালানো পৃথক হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে পশ্চিম গাজার আল সুসি টাওয়ারের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বিমান হামলায় একই পরিবারের তিনজন রয়েছেন। ৩৩ বছর বয়সী আবদুল্লাহ আবু তাইফ, তার ২৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে আজ্জাম এই হামলায় নিহত হন।

খান ইউনিস শহরের উত্তর পশ্চিমে আল কারারার একটি অ্যাপার্টমেন্টেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আল হামস পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নাসের হাসপাতালের চিকিৎসাসূত্র জানিয়েছে, নিহতরা হলেন ৩৮ বছর বয়সী মাহমুদ, তার ৩৭ বছর বয়সী স্ত্রী ফাতিমা এবং তাদের ছোট মেয়ে। হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

মধ্য গাজার দেইর আল বালাহর কাছে নিজ বাড়িতে হামলায় ৬৮ বছর বয়সী কামু আবু মুয়াইলিক ও তার ৫৯ বছর বয়সী স্ত্রী হুদা নিহত হয়েছেন।

এছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এবং গাজা শহরের রেমাল মহল্লায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ড্রোন হামলায় আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি বাহিনী দেইর আল বালাহতে অবস্থিত আল আকসা শহীদ হাসপাতালের ওষুধের গুদামগুলোতেও হামলা চালিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুর্শ অভিযোগ করেছেন যে, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে ইসরায়েল ওষুধ এবং অসুস্থতাকেই যুদ্ধের হাতিয়ারে পরিণত করছে।

শুক্রবার ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির পরবর্তী পর্যায় বাস্তবায়নের চুক্তি ঘোষণার পর এই সহিংসতা দেখা দিল।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত ১ হাজার ২২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এনএন/ ৩ আগস্ট ২০২৬


Back to top button