মধ্যপ্রাচ্য

ওমানে পর্যটকদের জন্য ১৪ দিনের বিনামূল্যে ভিসা সুবিধা চালু

মাস্কাট, ২ আগস্ট – পর্যটন খাতকে আরও গতিশীল করতে এবং বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ প্রক্রিয়া সহজ করতে নতুন ভিসা নীতি চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত কিছু দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ১৪ দিনের পর্যটক ভিসা দেওয়া হবে। বিদেশি আবাসন আইনের নির্বাহী বিধিমালায় সংশোধন এনে এ সুবিধা চালু করেছে দেশটি।

রয়্যাল ওমান পুলিশের মহাপরিদর্শক ও কাস্টমস প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শারাইকি কর্তৃক ১০৯/২০২৬ নম্বর আদেশের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। সরকারি গেজেট প্রকাশের পরদিন থেকেই নতুন বিধান বলবৎ হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী কর্তৃপক্ষ নির্ধারিত শর্ত সাপেক্ষে নির্বাচিত দেশের নাগরিকদের বিনামূল্যে ১৪ দিনের পর্যটক ভিসা দিতে পারবে। এই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে পর্যটকরা চাইলে এটি অন্যান্য পর্যটন ভিসা শ্রেণিতে রূপান্তর করতে পারবেন।

তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভিসার জন্য নির্ধারিত শর্ত পূরণ এবং প্রযোজ্য ফি পরিশোধ করতে হবে। নতুন ভিসা শ্রেণিটি নির্বাহী বিধিমালার ১০ নম্বর অনুচ্ছেদে সংযোজন করা হয়েছে। এছাড়া ২৯ নম্বর অনুচ্ছেদের অধীনে এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে কোন দেশগুলো এই সুবিধার আওতায় আসবে তার তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

ওমান কর্তৃপক্ষের মতে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা এবং দেশের পর্যটন শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্বল্পমেয়াদী ভ্রমণ বৃদ্ধি এবং অর্থনীতিতে গতি আসবে বলে দেশটি প্রত্যাশা করছে।

এস এম/ ২ আগস্ট ২০২৬


Back to top button