৪ কিশোরের আত্মহত্যা: মেটা ও ইউটিউবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

ওয়াশিংটন, ১ আগস্ট – যুক্তরাষ্ট্রে চার কিশোর-কিশোরীর আত্মহত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা, স্ন্যাপচ্যাট, টিকটক এবং ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছেন তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সুপিরিয়র কোর্টে এই মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, এসব প্ল্যাটফর্মের দীর্ঘদিনের ব্যবহার কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটায় এবং তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। সোশ্যাল মিডিয়া ভিকটিমস ল সেন্টার নামে একটি আইনি অধিকারবিষয়ক প্রতিষ্ঠান মিনেসোটা, নর্থ ক্যারোলাইনা, টেনেসি এবং টেক্সাসের চারটি পরিবারের পক্ষে মামলাটি পরিচালনা করছে।
প্রতিষ্ঠানটির তথ্যানুয়ায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে আত্মহত্যা করা ওই চারজনের বয়স ছিল যথাক্রমে ১৩, ১৪, ১৭ ও ১৮ বছর। তারা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি চরম আসক্তি, ঘুমের ঘাটতি, বিষণ্ণতা ও উদ্বেগের মতো সমস্যায় ভুগছিল।
আইনজীবী ম্যাথিউ বার্গম্যান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর নীতি ও প্ল্যাটফর্মের নকশা তরুণ প্রজন্মের মধ্যে একটি জাতীয় মানসিক স্বাস্থ্য সংকট তৈরি করেছে। এই ক্ষতির প্রভাব কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগতে পারে বলে তিনি মনে করেন।
মেটা ও গুগলের মতো বড় প্রতিষ্ঠানগুলো এই মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বর্তমানে বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর জবাবদিহি ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
ইতিপূর্বে গত মে মাসেও মেটা এবং ইউটিউবকে তরুণদের মধ্যে ক্ষতিকর আচরণ উসকে দেওয়ার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। নতুন এই মামলাটি সেই আইনি চাপের ধারাবাহিকতারই একটি অংশ।
এস এম/ ১ আগস্ট ২০২৬









