ইরানের ফারস ও কিশ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার দাবি

ওয়াশিংটন, ৩০ জুলাই – ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারস প্রদেশ এবং পারস্য উপসাগরের কিশ দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। সংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, ফারস প্রদেশের কাজেরুন শহরের উপকণ্ঠের একটি এলাকাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে কিশ দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার পর দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে উল্লেখ করেছে তাসনিম।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে যে হামলার পরেও কিশ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এবং যাত্রীবাহী ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
এস এম/ ৩০ জুলাই ২০২৬









