ভেনেজুয়েলার বিষয়ে বিতর্কিত মন্তব্যে, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

তেহরান, ২৯ জুলাই – ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির একটি মন্তব্যের প্রেক্ষিতে দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করেছে কারাকাস। মঙ্গলবার ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানায়।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে আরাগচি বলেছিলেন ইরান ভেনেজুয়েলা নয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে চলবে। এই মন্তব্যকে ভেনেজুয়েলার প্রতিষ্ঠান ও সরকারের প্রতি অবজ্ঞাপূর্ণ বলে মনে করছে কারাকাস।
এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানের তরফ থেকে ভেনেজুয়েলার প্রতিষ্ঠান ও সরকার প্রসঙ্গে অবজ্ঞাপূর্ণ ও অসঙ্গত কথাবার্তার কারণে রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। উল্লেখ্য ১৯৯৯ সাল থেকে ইরান ও ভেনেজুয়েলা একে অপরের বিশ্বস্ত মিত্র।
জ্বালানি, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে দেশ দুটির গভীর সম্পর্ক রয়েছে। ২০২০ সালে ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটে ইরান জ্বালানি তেল সরবরাহ করেছিল এবং ২০২৫ সালে নিষেধাজ্ঞা চলাকালীন টিকা পাঠিয়ে সহায়তা করেছিল। তবে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি নতুন রূপ নিয়েছে।
গত ৩ জানুয়ারি কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় ট্রাম্প প্রশাসন। বর্তমানে তারা দুজনেই নিউইয়র্কের ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। এই নাজুক পরিস্থিতির মধ্যেই আরাগচির এমন মন্তব্য দুই মিত্র দেশের দীর্ঘদিনের সম্পর্কে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করল।
এস এম/ ২৯ জুলাই ২০২৬









