জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৮ জুলাই – জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর এবং তিনি প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখবেন।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন জাতিসংঘের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া নিউইয়র্কে অবস্থানকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন এবং বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে যে প্রধানমন্ত্রীর এই সফরটি হবে বেশ সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে মাত্র চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন এবং ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর দেশের উদ্দেশে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা সীমিত রাখা হয়েছে এবং ৩৫ জনের বেশি সদস্য এই প্রতিনিধি দলে থাকছেন না।

এনএন/ ২৮ জুলাই ২০২৬


Back to top button