যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানে সরকার ও রাষ্ট্রীয় টিভির বিরোধ

তেহরান, ২৬ জুলাই – যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু প্রচারকে কেন্দ্র করে ইরানের সরকার এবং দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা আইআরআইবির মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়েছে। ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক তৎপরতা চললেও এই ইস্যুতে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।
ইরানের গভর্নমেন্ট ইনফরমেশন কাউন্সিল অভিযোগ করেছে যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি গুরুত্বপূর্ণ বক্তব্যের অংশ রাষ্ট্রীয় টেলিভিশন সেন্সর করেছে। তবে আইআরআইবি এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, দেশের নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে এমন কোনো তথ্য প্রচার না করা তাদের দায়িত্ব।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক ভাষণে দাবি করেছিলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জনসমক্ষে বিরোধিতার কথা বললেও ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুমতি দিয়েছিলেন। তিনি জানান, দেশের স্বার্থে আলোচনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করার পর খামেনি সেই নির্দেশ দেন।
সরকার পক্ষের দাবি, রাষ্ট্রীয় টেলিভিশন ইচ্ছাকৃতভাবে এই অংশটি বাদ দিয়ে প্রচার করেছে। শুধু প্রেসিডেন্ট নয়, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেইয়ের বক্তব্যের কিছু অংশও সম্পাদনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও আইআরআইবির সমালোচনা করে বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের অবস্থান তিনি তুলে ধরলেও দেশীয় মাধ্যমে তা যথাযথভাবে প্রচার করা হয়নি। এদিকে ওমানের মধ্যস্থতাকারীরা তেহরান সফর করেছেন এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ থাকলেও দ্রুত সমঝোতার সম্ভাবনা কম। এর বিপরীতে ইরানের নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে।
এস এম/ ২৬ জুলাই ২০২৬









