মধ্যপ্রাচ্য

লোহিত সাগরে হুতিদের হামলা: সৌদি ট্যাংকারে আগুনের দৃশ্য ধরা পড়ল স্যাটেলাইটে

সানা, ২৩ জুলাই – লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবের পতাকাবাহী তেলের ট্যাংকার ‘এনসেলিয়া’-তে ভয়াবহ আগুন লাগার দৃশ্য স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে। নাসার স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবিতে জাহাজটির অবস্থানস্থলে উজ্জ্বল আলোর উপস্থিতি দেখা গেছে যা সেখানে তীব্র অগ্নিকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে।

এর আগে সৌদি আরব কর্তৃপক্ষও নিশ্চিত করেছিল যে লোহিত সাগরে হামলার শিকার হওয়ার পর তাদের একটি ট্যাংকারে আগুন ধরে যায়। যদিও গত বৃহস্পতিবার হুতি বিদ্রোহীরা দুটি ট্যাংকারে হামলার দাবি করেছিল তবে সৌদি পক্ষ এখন পর্যন্ত একটি জাহাজে হামলার তথ্য স্বীকার করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে নাসার স্যাটেলাইটে যে স্থানে আগুনের উৎস দেখা গেছে ঠিক সেখান থেকেই ‘এনসেলিয়া’ ট্যাংকারটি তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করে সর্বশেষ অবস্থান জানিয়েছিল। ওই স্থানের আগের দিনের স্যাটেলাইট ছবিতে এ ধরনের কোনো অস্বাভাবিক আলোর উপস্থিতি পাওয়া যায়নি।

সৌদি বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে লোহিত সাগরে চলাচলের সময় ট্যাংকারটিতে অতর্কিত হামলা হয় এবং এতে জাহাজের সামনের অংশে আগুন ধরে যায়। তবে জাহাজটিতে থাকা সব নাবিক ও ক্রু নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও জানিয়েছে সৌদি আরবের সুকাইক শহর থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাতের ঘটনা ঘটেছে।

এস এম/ ২৩ জুলাই ২০২৬


Back to top button