কক্সবাজার

টেকনাফে অনুপ্রবেশকালে মিয়ানমারের সেনাসদস্যসহ ৩ নিরাপত্তা সদস্য আটক

কক্সবাজার, ২১ জুলাই – কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে নাফ নদী পেরিয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন ৩৮ বছর বয়সী হেউন ডে টে, ৩৫ বছর বয়সী কিয়াও নাইং ও ৩৩ বছর বয়সী থেইন জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেউন ডে টে নিজেকে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং অপর দুজন পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।

তারা মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিজিবি সূত্র অনুযায়ী, সোমবার দুপুর ১২টার দিকে তারা নাফ নদ সাঁতরিয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বরফকল সংলগ্ন স্থানে পৌঁছালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির সদস্যরা তাদের আটক করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি এই তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করেছে।

আটককৃতদের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এস এম/ ২১ জুলাই ২০২৬


Back to top button