ফুটবল

স্পেনের জয়ে গাজায় আনন্দ উল্লাস, সমর্থকদের হাতে ফিলিস্তিনি পতাকা

গাজা, ২০ জুলাই – আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা অর্জন করেছে স্পেন। স্প্যানিশদের এই ফুটবল সাফল্য উদযাপন করেছেন গাজার শত শত ফিলিস্তিনি নাগরিক। দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের ধ্বংসলীলার মাঝেও এই জয় ফিলিস্তিনিদের মনে কিছুটা হলেও আনন্দের মুহূর্ত নিয়ে এসেছে।

ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ একত্রিত হয়ে এই বিজয় উদযাপনে অংশ নেন। ফিলিস্তিনিরা স্পেন জাতীয় দলের এই জয়কে স্বাগত জানিয়ে আনন্দধ্বনি দেন। অন্যদিকে স্পেনে যখন মূল উৎসব চলছিল তখন অনেক সমর্থক ফিলিস্তিনকে স্মরণ করতে ভোলেননি।

স্পেনের বিভিন্ন স্থানে বিজয় উৎসবের সময় সমর্থকদের ফিলিস্তিনের পতাকা ওড়াতে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

এর আগে স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল ক্লাব ফুটবলের শিরোপা উদযাপনের সময়ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতি জানিয়েছিলেন। এই পদক্ষেপ ফিলিস্তিনিদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ালেও ইসরায়েলিদের একাংশ এই ফুটবলারের সমালোচনা করেন।

এস এম/ ২০ জুলাই ২০২৬


Back to top button