ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ৮১.৯২% শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের: ৩ মাসের জন্য ফ্রিজ ২৪ প্রতিষ্ঠান

ঢাকা, ৪ সেপ্টেম্বর – ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ ও দখলকারী এস আলম গ্রুপের ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার তিন মাসের জন্য অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ১৪ক ও ১৪খ ধারা লঙ্ঘন করে এসব শেয়ারের একক আধিপত্য রোধে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. লুৎফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৩০ আগস্ট এই আদেশ দেন। আদালতের আদেশে ব্যাংক কোম্পানি আইনের ১৪ক(৩) ধারা অনুযায়ী উদ্বৃত্ত শেয়ার কেন বাজেয়াপ্ত করা হবে না সেই মর্মেও রুল জারি করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা শেয়ারহোল্ডার ইসলামিক ইকনোমিক রিসার্চ ব্যুরো এই রিট পিটিশনটি দায়ের করে।
শুক্রবার আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে বিদ্যমান আইন অনুযায়ী কোনো একক পরিবার বা গ্রুপ কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারে না। রিট আবেদনে উল্লেখ করা হয় যে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ব্যাংকটির সিংহভাগ শেয়ার নিয়ন্ত্রণ করছে।
আইনে নির্ধারিত সীমার অতিরিক্ত শেয়ার বাজেয়াপ্ত করার স্পষ্ট বিধান থাকলেও কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি বলে রিটকারী পক্ষ জানিয়েছে। অন্তর্বর্তীকালীন আদেশের অংশ হিসেবে আদালত এসব শেয়ার স্থানান্তরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
এনএন/ ৪ সেপ্টেম্বর ২০২৬







