অপরাধী চক্রের টার্গেটে কিলিয়ান এমবাপে, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

প্যারিস, ২ সেপ্টেম্বর – মাঠের লড়াইয়ে কিলিয়ান এমবাপের দক্ষতা প্রশ্নাতীত হলেও এবার মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনায় এসেছেন এই ফরাসি তারকা।
ফরাসি সংবাদমাধ্যম লা পারিজিয়েনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিয়াল মাদ্রিদ তারকা এমবাপে একটি অপরাধী চক্রের সম্ভাব্য নিশানায় ছিলেন। ১৮ বছর বয়সী এক তরুণের নেতৃত্বে পরিচালিত এই চক্রটি ফুটবলার, র্যাপার এবং বিত্তশালী ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা করছিল।
তদন্তকারীদের ধারণা অনুযায়ী, ক্লিমেন্ট এল. নামের ওই ফরাসি সুইস তরুণ বর্তমানে ভিলপেন্ট কারাগারে বন্দি অবস্থায় স্ন্যাপচ্যাটের মাধ্যমে এই নেটওয়ার্ক পরিচালনা করছিলেন। সশস্ত্র ডাকাতি ও মানবপাচারের অপরাধে সাজা ভোগ করা এই তরুণ লেস্টার জেড. ছদ্মনাম ব্যবহার করে কারাগার থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডের সমন্বয় করতেন বলে জানা গেছে।
গত এপ্রিল মাসে নুই সুর সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নেটওয়ার্কের সন্ধান পায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের ফোন পরীক্ষা করে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ঠিকানা ও ব্যক্তিগত তথ্য পাওয়া যায়।
তালিকায় এমবাপে ছাড়াও প্যারিসের বিভিন্ন বিত্তশালী ব্যবসায়ী এবং র্যাপারদের নাম অন্তর্ভুক্ত ছিল। তদন্তে উঠে আসা নামগুলোর মধ্যে এমবাপের নাম সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি করেছে।
বিচারিক সূত্রের বরাতে লা পারিজিয়েন জানিয়েছে, এই চক্রটি বিশেষভাবে একজন র্যাপার এবং কিলিয়ান এমবাপেকে লক্ষ্যবস্তু করতে চেয়েছিল। তবে সঠিক সময়ে এই ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে আসায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এনএন/ ২ সেপ্টেম্বর ২০২৬







