বাংলাদেশের পাটের মান ভারতের চেয়ে উন্নত: শিবরাজ সিং চৌহান

কলকাতা, ১৫ জুলাই – ভারতের কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বাংলাদেশের পাটের উচ্চ গুণগত মানের প্রশংসা করেছেন। পশ্চিমবঙ্গের এক অনুষ্ঠানে তিনি বলেন যে, ভারতের তুলনায় বাংলাদেশের পাটের আঁশ অনেক বেশি উন্নত মানের।
গত বুধবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে অবস্থিত সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি পাটের মান পর্যবেক্ষণ এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় স্থানীয় কৃষকরা পাটের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ জানালে মন্ত্রী তাদের উপযুক্ত দাম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিবরাজ সিং চৌহান বলেন, যতটুকু জানা গেছে বাংলাদেশে পানির স্রোত বেশি হওয়ার কারণে সেখানে পাট পচানোর সুবিধা পাওয়া যায়।
স্রোতযুক্ত পানিতে পাট পচানো হলে আঁশের গুণগত মান অনেক বৃদ্ধি পায়। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, দেশভাগের পর উন্নত মানের কাঁচা পাট উৎপাদনকারী অধিকাংশ অঞ্চল বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়। অন্যদিকে অধিকাংশ পাটকল ভারতের অংশে পড়ে যাওয়ার ফলে এই শিল্পে একটি দীর্ঘমেয়াদি ভারসাম্যহীনতা তৈরি হয়।
কৃষি বিশেষজ্ঞদের মতে, একই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের অংশ হলেও বাংলাদেশের অনুকূল জলবায়ু, উর্বর পলিমাটি এবং বিশেষ প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির কারণেই বিশ্ববাজারে বাংলাদেশের পাটকে শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়।
এস এম/ ১৫ জুলাই ২০২৬









