কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক

ঢাকা, ১৩ জুলাই – বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। কাতারের রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা প্রকাশের উদ্দেশ্যে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে।
এর আগে গত রবিবার (১২ জুলাই) বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর বাবা ও কাতারের সাবেক আমিরের মৃত্যু সংবাদে তিনি অত্যন্ত মর্মাহত।
বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে রাজপরিবার এবং কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী। তিনি শেখ হামাদ বিন খলিফা আল থানিকে একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করে বলেন, তাঁর প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে কাতার একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে।
আঞ্চলিক শান্তি এবং আন্তর্জাতিক সহযোগিতায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন যে, বাংলাদেশ কাতারের সঙ্গে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে। উল্লেখ্য, গত রবিবার কাতারের এই সাবেক আমির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এস এম/ ১৩ জুলাই ২০২৬









