এশিয়া

ব্যাংককের নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহতের সংখ্যা বেড়ে ২৭

ব্যাংকক, ১৩ জুলাই – থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। গত রবিবার রাতে চাতুচাক এলাকার রং বিয়ার না লাত ফরাও নামক ওই বারে পার্টি চলাকালীন এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে আরও ৬৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। থাই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ব্যাংককের ইতিহাসে এই অগ্নিকাণ্ডকে অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে অভিহিত করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বারের ভেতরে অব্যবস্থাপনা এবং আগুনের ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়াই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির মূল কারণ।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং ব্যাংককের গভর্নর চাদচার্ট সিটিপুন্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাত ১১টা ৫৭ মিনিট নাগাদ বারের মূল মঞ্চের কাছে থাকা একটি সার্কিট ব্রেকারে বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়া বের হতে শুরু করে।

এর পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো ভেন্যু অন্ধকারে ছেয়ে যায়। বারের ছাদ ও দেয়ালে ব্যবহৃত শব্দ নিরোধক ফোম এবং প্লাস্টিক দ্রুত জ্বলতে শুরু করলে পুরো এলাকা কালো বিষাক্ত ধোঁয়ায় ভরে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদ থেকে জ্বলন্ত অংশ নিচে থাকা সাধারণ মানুষের ওপর পড়তে শুরু করলে ভেতরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

তদন্তে দেখা গেছে, বারের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত মানুষ পেছনের দিকে পালানোর চেষ্টা করে। কিন্তু পেছনের জরুরি বহির্গমন গেটের সামনে টেবিল ও চেয়ার স্তূপ করে রাখা থাকায় বের হওয়ার পথ সম্পূর্ণ বন্ধ ছিল।

নিরুপায় হয়ে অনেকেই বাথরুমে আশ্রয় নেন। কিন্তু সেখানে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়। নিহত ২৭ জনের মধ্যে ১৮ জন নারী এবং ৯ জন পুরুষ। বারের লাইসেন্স এবং অগ্নি নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language