জাতীয়

দেশের ৫ জেলায় বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৩ নদীর পানি

ঢাকা, ১৩ জুলাই – দেশের বিভিন্ন এলাকায় নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিনটি নদীর পানি পাঁচটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রবিবার প্রকৌশলী মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,

সাঙ্গু নদী বান্দরবান ও দোহাজারী স্টেশনে, কুশিয়ারা নদী মারকুলি ও ফেঞ্চুগঞ্জ স্টেশনে এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া পূর্বাভাসের তথ্য অনুযায়ী,

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগে এবং ভারতের আসাম ও মেঘালয় প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী ও হালদাসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নিচু এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর পূর্বাঞ্চলে সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন আরও বাড়তে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

অন্যদিকে উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং তিস্তা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদ নদীর পানি বেড়ে নদীসংলগ্ন নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কিছু নদীর পানি হ্রাস পাওয়ায় সেসব এলাকায় পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language