বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

চট্টগ্রাম, ১১ জুলাই – বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকদের সাথে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। উপদেষ্টা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সরকার অত্যন্ত দায়বদ্ধতা ও গুরুত্বের সাথে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। মাহদী আমিন আরও জানান, দুর্গত এলাকায় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করে নিরবচ্ছিন্নভাবে জনগণের পাশে থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তার নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়া প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এস এম/ ১১ জুলাই ২০২৬









