জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০

ঢাকা, ১০ জুলাই – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৫০ জন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে এক দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৩২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনের মধ্যে।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৮৩২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ২৩৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় নিয়মিত টিকাদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।

এনএন/ ১০ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language