লোহাগাড়ায় বুকসমান পানি ডিঙিয়ে প্রসূতিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

চট্টগ্রাম, ৯ জুলাই – চট্টগ্রামের লোহাগাড়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে আটকে পড়া এক প্রসূতিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার ভোরে উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের ডলু নদের তীরবর্তী খৈয়ারকুল গ্রামে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার হওয়া ওই প্রসূতির নাম মিজবাহুল জান্নাত। তিনি ওই এলাকার সৌদি প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী।
প্রসূতির পরিবারের সদস্যরা জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে মিজবাহুল জান্নাতের প্রসববেদনা শুরু হয়। তার বাড়ি থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। তবে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পুরো এলাকা প্লাবিত হওয়ায় এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। কয়েক ঘণ্টা অপেক্ষার পর কোনো উপায় না দেখে ভোরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক বুকসমান পানি পেরিয়ে উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে কাঁধে বহন করে মিজবাহুল জান্নাতকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। এরপর আগে থেকেই প্রস্তুত রাখা একটি অ্যাম্বুলেন্সে তুলে তাকে হাসপাতালে পাঠানো হয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, স্টেশন থেকে প্রসূতির বাড়ির দূরত্ব খুব বেশি না হলেও পুরো পথটি পানিতে ডুবে ছিল। তাই কোনো যানবাহনের চলাচল সম্ভব ছিল না। উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে পানি পেরিয়ে ওই নারীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দিয়েছেন।
এনএন/ ৯ জুলাই ২০২৬









