কাপ্তাইয়ে পাহাড়ধসে চন্দ্রঘোনা ও বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

রাঙামাটি, ৯ জুলাই – রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভারী বর্ষণের ফলে চন্দ্রঘোনা থেকে বাঙ্গালহালিয়া সড়কের মতিপাড়া এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিপাড়া এলাকায় রাতে টানা বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে সড়কের ওপর পড়ে। এর ফলে সড়ক দিয়ে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য পাইসুইখই মারমা বিষয়টি নিশ্চিত করে জানান যে, টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের এই ঘটনাটি ঘটেছে। সকালে স্থানীয়রা সড়কের ওপর ধসে পড়া মাটি দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করেন।
বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাস বলেন, পাহাড়ধসের কারণে চন্দ্রঘোনা থেকে বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ছোট কিছু যানবাহন বিকল্প ডংনালা সড়ক ব্যবহার করে চলাচল করছে। ইতিপূর্বে টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটি থেকে চট্টগ্রাম সড়কসহ জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে।
এতে একাধিক সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সড়ক থেকে ধসে পড়া মাটি ও গাছ অপসারণের পর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়।
এস এম/ ৯ জুলাই ২০২৬









