প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকা, ৮ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়ানো হবে। একই সাথে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন সারাদেশে ছড়িয়ে থাকা ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সরকারের পক্ষ থেকে স্কুল ড্রেস ও ব্যাগ প্রদান করা হবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাখাতে শুধু অবকাঠামোগত উন্নয়ন বা ভবন নির্মাণ হয়েছে কিন্তু মানবসম্পদ উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।বর্তমান সরকার শিক্ষার মানের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
কৃষি খাতের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন বন্ধ হয়ে যাওয়া কৃষিভিত্তিক কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষিকাজে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও তিনি জানান যে সরকার চীন দেশে কাঁঠাল রপ্তানির পরিকল্পনা গ্রহণ করেছে।
পুঁজিবাজার বা শেয়ার বাজার নিয়ে প্ধানমন্ত্রী বলেন বিগত আওয়ামী সরকারের আমলে সংঘটিত শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। সরকারের বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের ফলে পুঁজিবাজার বর্তমানে স্থিতিশীলতার দিকে ফিরছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।
এনএন/ ৮ জুলাই ২০২৬









