মধ্যপ্রাচ্য

নাজাফে খামেনির জানাজায় মানুষের ঢল, বৃহস্পতিবার মাশহাদে দাফন

বাগদাদ, ৮ জুলাই – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষবিদায় অনুষ্ঠানে ইরাকের পবিত্র নাজাফ শহরে মানুষের বিশাল ঢল নেমেছে। তেহরান ও কোম শহরে কয়েক দিনের শোকমিছিল শেষে বুধবার রাতে তার মরদেহ ইরাকে পৌঁছায়।

মূলত ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের বিশেষ অনুরোধে সেখানে এই শেষশ্রদ্ধার আয়োজন করা হয়। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, নাজাফের রাস্তায় লাখ লাখ শোকার্ত মানুষ ভিড় করেছেন।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী গাড়িটিকে ঘিরে রেখেছে হাজারো মানুষ। গাড়িটি ধীরে ধীরে শহরের পবিত্র ইমাম আলীর মাজারের দিকে এগিয়ে যায় এবং সেখানে আবেগঘন পরিবেশে জানাজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এর আগে ইরানের রাজধানী তেহরান ও কোম নগরীতে টানা তিন দিন ধরে খামেনির জানাজা ও বিদায় মিছিল অনুষ্ঠিত হয়। ১৯৮৯ সালের পর ইরানে এমন বড় লোকসমাগম আর দেখা যায়নি। খামেনির জানাজায় তার অন্য তিন ছেলে উপস্থিত থাকলেও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের সাথে ভঙ্গুর যুদ্ধবিরতি চলার কারণে নিরাপত্তা জনিত কারণে তিনি জনসমক্ষে আসেননি বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে তাকে সমাহিত করা হবে।

এস এম/ ৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language