দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

ঢাকা, ৮ জুলাই – দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার এক বিশেষ আবহাওয়া বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায় যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অধিদফতরের তথ্য অনুযায়ী পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।
এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
এস এম/ ৮ জুলাই ২০২৬









