ইরাকে পৌঁছেছে আয়াতুল্লাহ খামেনির মরদেহ, নাজাফ ও কারবালায় জানাজা আজ

বাগদাদ, ৮ জুলাই – ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। মঙ্গলবার রাতে মরদেহ বহনকারী বিমানটি নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কফিন গ্রহণ করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দরে এই নেতার সম্মানে একটি রাষ্ট্রীয় সংবর্ধনার আয়োজন করা হয়। বুধবার পবিত্র নগরী নাজাফ এবং কারবালায় খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়াতুল্লাহ খামেনি ইরাকের শিয়া মুসলমানদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় এবং অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন বিধায় সেখানে লাখো মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। খামেনির জানাজা উপলক্ষে ইরাকে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে প্রবীণ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী জানাজার নামাজে ইমামতি করেন।
খামেনির অন্তিম ইচ্ছা অনুযায়ী আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে। খামেনির সাথে তার পরিবারের অন্যান্য সদস্যদের মরদেহও ইরাকে আনা হয়েছে।
এনএন/ ৮ জুলাই ২০২৬







