মধ্যপ্রাচ্য

সৌদি আরবে পর্যটকদের জন্য নতুন প্যাকেজ ভিসা প্রকল্প চালু

রিয়াদ, ৭ জুলাই – পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও সাশ্রয়ী করতে সৌদি আরব একটি নতুন প্যাকেজ ভিসা পাইলট প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় দর্শনার্থীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে ফ্লাইট, আবাসন এবং ভিসাসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

সম্প্রতি সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই ব্যবস্থায় পর্যটকরা অনুমোদিত ভ্রমণ ও পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন। প্যাকেজের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে যাওয়া-আসার বিমান ভাড়া, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার সুব্যবস্থা এবং ডিজিটাল পদ্ধতিতে ভিসা আবেদন করার সুযোগ।

এ ছাড়া পর্যটকরা তাদের পছন্দ অনুযায়ী বিশেষ অনুষ্ঠান বা দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতাও এই প্যাকেজে অন্তর্ভুক্ত করতে পারবেন। এতে করে আলাদাভাবে হোটেল বা ফ্লাইটের বুকিং দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন ভ্রমণকারীরা। তবে সব ট্রাভেল এজেন্সি এই সেবা দিতে পারবে না।

শুধুমাত্র যে সকল এজেন্সির ডিজিটাল প্ল্যাটফর্ম, উন্নত প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবার নিশ্চয়তা রয়েছে, তারাই এই বিশেষ সুবিধা দেওয়ার অনুমতি পাবে। ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে এবং পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে দেশটির পর্যটন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব জানিয়েছেন, পর্যটন খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, এই উদ্যোগের ফলে পর্যটকদের সৌদি আরবে অবস্থানের সময়কাল দীর্ঘায়িত হবে এবং তাদের ভ্রমণের অভিজ্ঞতা আরও আনন্দদায়ক হবে।

ডিজিটাল সেবার মাধ্যমে ভ্রমণ প্রক্রিয়াকে আরও স্মার্ট ও নির্বিঘ্ন করার মাধ্যমে এই খাতের অংশীদারদের ক্ষমতায়ন করা হচ্ছে। উল্লেখ্য, ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসার মতো নমনীয় উদ্যোগগুলোর ফলে সৌদি আরবে পর্যটক সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সালে দেশটিতে পর্যটকের সংখ্যা ২৯ মিলিয়ন ছাড়িয়েছে। নতুন এই প্যাকেজ ভিসা কার্যক্রম পর্যটন খাতকে আরও শক্তিশালী করবে বলে আশা করছে দেশটির সরকার।

এস এম/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language