সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বিস্ফোরণ, আহত অন্তত ২

ঢাকা, ৬ জুলাই – সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ চলাকালে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটানো হয়।
সেই সময় মঞ্চে ঢাকা জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাবিলা তাসনিদ মাইকে কর্মীদের শান্ত থাকার অনুরোধ জানান।
ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক সারজিস আলম।
এই হামলায় দলের অন্তত দুইজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিল শেষে তারা সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়ে দোষীদের বিচার দাবি করেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানিয়েছেন যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এনএন/ ৬ জুলাই ২০২৬









