প্রশান্ত মহাসাগরে বড় ধরনের যৌথ নৌ মহড়া শুরু করছে চীন ও রাশিয়া

বেইজিং, ৫ জুলাই – চলতি মাসেই প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকায় এবং চীনের উপকূলীয় অঞ্চলে বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে চীন ও রাশিয়া। গত রবিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে কিংদাও বন্দরের কাছে মহড়া শেষ হওয়ার পর প্রশান্ত মহাসাগরের অনির্দিষ্ট কিছু এলাকায় যৌথ সামুদ্রিক টহল পরিচালনা করবে দুই দেশের নৌবাহিনী।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে যে সোমবার থেকে ১৩ জুলাই পর্যন্ত এই বিশেষ মহড়া চলবে। রাশিয়ার পক্ষ থেকে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ ইতিমধ্যে কিংদাও বন্দরে পৌঁছেছে।
চীনের নর্দার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে যে তাদের পক্ষ থেকে এই মহড়ায় অংশ নিচ্ছে দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন এবং সরবরাহকারী ও উদ্ধারকারী জাহাজ। মূলত দুই দেশের নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমুদ্রপৃষ্ঠে আঘাত হানার কৌশলগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের প্রায় দুই মাস পর এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে। সেই সফরে দুই দেশের সম্পর্ককে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছিলেন পুতিন।
অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই অংশীদারিত্বকে অটল বলে উল্লেখ করেছেন। ২০১২ সাল থেকে নিয়মিতভাবে এই ধরনের যৌথ নৌ মহড়া পরিচালনা করে আসছে বেইজিং ও মস্কো। গত বছর রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরের কাছে এই মহড়া অনুষ্ঠিত হয়েছিল এবং এরপর প্রশান্ত মহাসাগরে যৌথ টহলও পরিচালনা করা হয়েছিল।
এস এম/ ৫ জুলাই ২০২৬









