সিলেট

সিলেটে তীব্র গরমে জনজীবন ওষ্ঠাগত: বছরের সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে রেকর্ড লোডশেডিং

সিলেট, ৪ জুলাই – সিলেটে তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট শুরু হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে শ্রমজীবী, শিশু এবং অসুস্থ ব্যক্তিরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে প্রতিদিন বিদ্যুতের চাহিদা গড়ে ১৮০ থেকে ২০০ মেগাওয়াট। তবে শনিবার চাহিদার তুলনায় ২০ শতাংশ কম অর্থাৎ ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয়েছে মাত্র ১২০ মেগাওয়াট।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার সিলেটে বছরের সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রখর রোদ আর তাপদাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারছেন না।ঘন ঘন লোডশেডিংয়ের ফলে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া গেলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

এদিকে আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে তাপমাত্রা কমতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ততক্ষণ পর্যন্ত ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।

এনএন/ ৪ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language