মধ্যপ্রাচ্য

তেহরানে খামেনির শেষ বিদায় অনুষ্ঠান শুরু, অংশ নিচ্ছেন বিশ্ব নেতারা

তেহরান, ৩ জুলাই – ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় উপলক্ষে তেহরানে ছয় দিনব্যাপী বিশেষ শোকানুষ্ঠান শুরু হয়েছে। এই আয়োজনকে শতাব্দী সেরা বিদায় অনুষ্ঠান হিসেবে অভিহিত করছেন ইরানি কর্মকর্তারা।

ঐতিহাসিক এই আয়োজনে এক কোটি ২০ লাখ থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের ইতিহাসে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য এর আগে কখনোই এত বড় পরিসরে প্রস্তুতি নেওয়া হয়নি। শুক্রবার স্থানীয় সময় সকাল ছয়টায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় এই আনুষ্ঠানিকতা শুরু হয়।

সেখানে রবিবার বিকেল পর্যন্ত সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন। এরপর মঙ্গলবার অনুষ্ঠানটি স্থানান্তরিত করা হবে দেশটির গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান কোম শহরের জামকারান মসজিদে। সেখানে শিয়াদের জ্যেষ্ঠ আলেমের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

ইরাকের বিভিন্ন গোষ্ঠীর অনুরোধে এবং মধ্যপ্রাচ্যে ইরানের ধর্মীয় ও রাজনৈতিক সম্পর্ক তুলে ধরতে বুধবার খামেনির মরদেহ ইরাকের নাজাফে নেওয়া হবে। সেখানে যাত্রার পর কারবালায় ইসলামের খলিফা আলীর সমাধিস্থলে বিশেষ আনুষ্ঠানিকতা পালন শেষে মরদেহ পুনরায় ইরানে ফিরিয়ে আনা হবে।

চূড়ান্ত পর্যায়ে আগামী বৃহস্পতিবার খামেনিকে তার জন্মশহর মাশহাদের ঐতিহাসিক ইমাম রেজার সমাধিস্থলে সমাহিত করা হবে। দাফন সম্পন্ন হওয়ার পর দেশজুড়ে আরও ৪০ দিন শোকানুষ্ঠান এবং বছরব্যাপী বিভিন্ন স্মরণসভার পরিকল্পনা করা হয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নিয়ন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের জেগে উঠতেই হবে স্লোগানকে সামনে রাখা হয়েছে। এই জানাজায় অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান এবং মন্ত্রীরা তেহরানে পৌঁছেছেন।

এস এম/ ৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language