মধ্যপ্রাচ্য

খামেনির জানাজায় বিশ্বকে কড়া বার্তা দিতে গালিবাফের আহ্বান

তেহরান, ২ জুলাই – ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠান আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। এই উপলক্ষ্যে দেশটির পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ ইরানি নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এই বিশাল জানাজায় বিপুল সংখ্যায় যোগ দেওয়ার মাধ্যমে বিশ্ববাসীকে খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার কড়া বার্তা দিতে হবে। দেশের তরুণ সমাজ, নারী ও পুরুষ এবং শহীদদের পরিবারকে এই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন যে, ইরান কোনো অন্যায়ের কাছে নতি স্বীকার করবে না এবং নেতার রক্তের বদলা নিতে তারা বদ্ধপরিকর।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাতের প্রথম দিনে ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছিলেন। আল জাজিরার তথ্য অনুযায়ী, শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় জানাজা শুরু হওয়ার পর তা কোম, নাজাফ ও কারবালা প্রদক্ষিণ করবে।

আগামী ৯ জুলাই নিজ শহর মাশহাদে দাফনের মাধ্যমে ছয় দিনব্যাপী এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ধারণা করা হচ্ছে যে, এই বিশাল আয়োজনে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ অংশ নেবেন। এ ছাড়া বিশ্বের ৩০টির বেশি দেশ থেকে সরকারি প্রতিনিধি এবং প্রায় ৯০টি দেশের ধর্মীয় নেতারা এতে উপস্থিত থাকবেন।

বিপুল জনসমাগম ও বিদেশি অতিথিদের নিরাপত্তার কথা বিবেচনা করে ইরানের সেনাবাহিনী জল, স্থল ও আকাশপথে কঠোর সতর্কতা জারি করেছে। বর্তমানে পুরো দেশের নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language