রাজস্থানে মোদির মুখোশ পরে অভিনব চুরি, মোবাইল দোকানে লুটপাট

জয়পুর, ১ জুলাই – ভারতের রাজস্থানের ভিলওয়ারা জেলার কারেদা শহরে এক অভিনব চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে একদল চোর সেখানকার একটি মোবাইল দোকানে হানা দেয়। চাঞ্চল্যকর এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরচক্রের এক সদস্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরে এই লুটপাট চালিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ইতোমধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কারেদা শহরের বাস স্ট্যান্ড এলাকার ওই মোবাইল দোকান থেকে প্রায় ৩৫ থেকে ৪০টি দামি স্মার্টফোন চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৪ থেকে ৫ লাখ টাকা।
পরদিন মঙ্গলবার সকালে দোকান মালিক লক্ষ্মণ সেন ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে চুরির বিষয়টি টের পান। তিনি দেখেন, দোকানের মালামাল যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং দামি স্মার্টফোনের বাক্সগুলো সব খালি পড়ে আছে। ঘটনার খবর পেয়ে কারেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পূরণমল মীনার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
তদন্তের অংশ হিসেবে দোকানের ভেতরের ও আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। ফুটেজে দেখা যায়, এক যুবক নরেন্দ্র মোদির মুখোশ পরে খুব স্বাচ্ছন্দ্যে দোকানে লুটতরাজ চালাচ্ছে। একই চক্র ওই রাতেই বীজ গোদাম চৌরাহা এলাকার অন্য একটি দোকানেও হানা দিয়েছিল।
তবে সেখানে তালা ভাঙতে না পারায় তারা সফল হতে পারেনি। কারেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দোকান মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এস এম/ ১ জুলাই ২০২৬









