দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৪৫

ঢাকা, ২৯ জুন – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৪৫ জন শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪১ জন এবং হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৪ জনের মধ্যে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হওয়া ৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ থাকলেও এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬২৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ জন শিশু। অর্থাৎ সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গে মোট ৭১৬ জন শিশু মারা গেছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ জনের। এখন পর্যন্ত মোট ৮৩ হাজার ৮০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮০ হাজার ১৯৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এনএন/ ২৯ জুন ২০২৬









