দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৪

ঢাকা, ২৯ জুন – সারাদেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৯২৪ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভাগীয় তথ্যানুসারে, বরিশাল বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১০০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এডিস মশা নিয়ন্ত্রণে এবং ডেঙ্গু সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করছে স্বাস্থ্য বিভাগ।
এনএন/ ২৯ জুন ২০২৬









