মধ্যপ্রাচ্য

সৌদি আরবে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা

রিয়াদ, ২৯ জুন – সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি নিয়ে নতুন নির্দেশনা প্রদান করেছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ কিওয়া প্ল্যাটফর্ম জানিয়েছে যে আগামী ৩০ জুনের মধ্যে নিয়োগকর্তাদের অবশ্যই কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কিওয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে আগামী ১ জুলাই থেকে ওইসব কর্মীদের নাম স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ দেওয়া হবে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি সময় ধরে উত্তীর্ণ হয়ে আছে।

তবে কোনো কর্মীর ওয়ার্ক পারমিট নবায়ন না হলেও তাকে যে সময় পর্যন্ত কাজ করানো হয়েছে তার যাবতীয় বকেয়া পাওনা এবং ফি নিয়োগকর্তাকেই পরিশোধ করতে হবে। নির্দেশনায় একটি বিশেষ বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে।

যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু তার ইকামার মেয়াদ অন্তত ১৮০ দিন অবশিষ্ট থাকে তবে তাকে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।

তবে ইকামার মেয়াদ যদি ১৮০ দিনের কম হয় তবে আইনি জটিলতা ও জরিমানা এড়াতে নিয়োগকর্তাকে দ্রুত ইকামা ও ওয়ার্ক পারমিট উভয়ই নবায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রবাসীদের এই আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কিওয়া। সঠিক সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট নবায়ন না করলে প্রতিষ্ঠানের ওপর বড় ধরনের আর্থিক জরিমানার ঝুঁকি রয়েছে বলেও জানানো হয়।

এস এম/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language