জাপানের বিপক্ষে নেইমারের খেলা নিয়ে যা বললেন কোচ আনচেলত্তি

ব্রাসিলিয়া, ২৯ জুন – দীর্ঘ আড়াই বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের হলুদ জার্সিতে প্রত্যাবর্তন করেছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে ১৫ মিনিট খেলেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা।
তবে তার এই অল্প সময়ের উপস্থিতি ও শারীরিক সক্ষমতা নিয়ে ভক্তদের মনে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে নকআউট পর্বে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে কতক্ষণ মাঠে দেখা যাবে সেটিই এখন বড় আলোচনার বিষয়।
জাপানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সেখানে তিনি ৩৪ বছর বয়সী এই তারকার খেলার সময় নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না দিলেও দিয়েছেন গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আনচেলত্তি জানান নেইমার নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছেন।
যদিও ইনজুরির কারণে শুরু থেকে দলের সঙ্গে পূর্ণ মেয়াদে অনুশীলন করতে পারেননি তবে গত এক সপ্তাহে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কোচ আনচেলত্তির মতে নেইমার এখন আগের ম্যাচের চেয়ে বেশি সময় মাঠে থাকার সক্ষমতা অর্জন করেছেন।
তবে ম্যাচের প্রেক্ষাপট এবং পরিস্থিতির ওপর নির্ভর করবে তাকে ঠিক কতক্ষণ খেলানো হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে শারীরিক ঝুঁকি এড়াতে সম্ভবত এই ম্যাচেও নেইমারকে শুরু থেকে একাদশে না রেখে বিকল্প হিসেবে ব্যবহার করা হতে পারে।
নেইমারের অনুপস্থিতিতে সেলেসাওদের আক্রমণভাগকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ভিনিসিউস জুনিয়র ও মাতেউস কুনিয়া। গ্রুপ পর্বে ভিনিসিউস চারটি এবং কুনিয়া তিনটি গোল করে দলের জয়যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে জাপানের মোকাবিলা করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এস এম/ ২৯ জুন ২০২৬









