প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাক হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৮ জুন – প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
গত রবিবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পাকিস্তানের হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই সাক্ষাতে অংশগ্রহণ করে।
বৈঠককালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে উভয় দেশের সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা নিয়ে তারা বিস্তারিত মতবিনিময় করেন।
এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এস এম/ ২৮ জুন ২০২৬









